নারায়ণগঞ্জের সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়।
নিহত জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকারের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতে এ মামলার আজকের কার্যক্রম শুরু হয়।
অপর সাক্ষীরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, নিহত তাজুলের বাবা আবুল খায়ের, নিহত সিরাজুল ইসলাম লিটনের বড় ভাই সাইফুল ইসলাম, ডা. জলিল আহমেদ, ডা. আসাদুজ্জামান, ডা. শেখ ফরহাদ, ডা. মাঈনউদ্দিন, কনস্টেবল আবদুল লতিফ ও মাধব কুমার দেব।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।