গত বছর প্রায় তিন গুণ মুনাফা বেড়েছে আলিবাবার। অ্যামাজন ও ই-বের সম্মিলিত লেনদেনের থেকেও বেশি অংশ নিয়ন্ত্রণ করে বিশ্বের বৃহৎ এই ই-কমার্স প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির ৩১ মার্চ শেষ হওয়া হিসাব মতে, বছরে তাদের মোট আয় হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ১৯৩ শতাংশ বেশি।
এ সময় মোবাইল ডিভাইস বিক্রির হার ১৮২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় চীনভিত্তিক প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে এক-তৃতীয়াংশ।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং জানান, আলিবাবা গ্রুপ সদ্য সমাপ্ত হিসাব বছরটি দারুণভাবে শেষ করেছে।
১৯৯৯ সালে জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠা করেন। শুরুতে প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসা ছিল ই-কমার্স। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি ইউটিউব, সংবাদপত্রসহ নানা দিকে ব্যবসা সম্প্রসারণ করেছে। বছর দুয়েক আগে শেয়ারবাজারে প্রবেশ করে আলিবাবা। সূত্র- বিবিসি।