ময়মনসিংহে ভোটের সহিংসতায় আহত যুবকের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলায় সদস্য পদের ‘পরাজিত এক প্রার্থীর সমর্থকদের’ হামলায় আহত এক যুবক মারা গেছেন।
 
সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। পরাণগঞ্জ ইউনিয়নের বাসিন্দা এনামুল হক (৩০) ওই ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য বাবুলের সমর্থক ছিলেন।
 
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী জমশেদের সমর্থকরা বিজয়ী সদস্য বাবুলের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে মোট আটজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় এনামুলকে ঢাকায় পাঠানো হয়।'