মানিকগঞ্জে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ ৪

 

মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টিতে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করা হয়েছে। এসময় ডাকাতদের হামলায় টাউন ফাঁড়ির এটিএসআই আবদুল আহাদ আহত হয়েছেন। আহত অবস্থায় পুলিশ সদস্য ও ডাকাতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন- সিংগাইর উপজেলার জয়মন্টপগ্র্রামের ছকেন সিকদারের ছেলে পিয়ার আলী শিকদার (৬০), সোনাটেংড়া গ্রামের শের আলীর ছেলে ইমান আলী (৫৮), ঢাকার কেরাণীগঞ্জ থানার চর এলাকার দারোগ আলীর ছেলে লিয়াকত আলী(৫০) ও দেবনাথ(৫৮)।

 

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আল-মামুন জানান, স্বামী দিলীপ সাহা মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে ঐ এলাকার নিজ বাড়িতে থাকেন অপর্ণা। রাত আড়াইটার দিকে ১০-১২ সদস্যের একদল ডাকাত রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র হাতে ঐ বাড়িতে হানা দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশে ঝোপের আড়ালে পালায় ডাকাতরা।

সেখানে তল্লাশি চালালে রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র হাতে পুলিশের ওপর হামলা করে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চুড়লে চারজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করা হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।