ফিলিপাইনে চলছে ভোট গ্রহণ, ভোট পূর্ব সহিংসতায় নিহত ৭

 
ফিলিপাইনে বর্তমানে চলছে জাতীয় নির্বাচন যার ভোট পূর্ব সহিংসতায় সোমবার নিহত হয়েছেন সাত জন। ভোট গ্রহণের আগে একটি গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলার ঘটনায় সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
 
রোসারিও শহরে সকালে ভোট হওয়ার আগেই অজ্ঞাত বন্দুকধারীরা একটি জিপ এবং দুটি মটরসাইকেলকে লক্ষ্য করে গুলি চালায়। রাজধানীয় ম্যানিলার দক্ষিণে ওই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা জোনাথস ডেল রোজারিও। ওই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
 
এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। বিবিসি তার এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ১ লাখের বেশি সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন। নির্বাচন চলাকালীন এখন পর্যন্ত বড় কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। বিবিসি।