মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে এই দুইজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৫ জুন দিন ধার্য করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।
এর আগে গত ২৯ ডিসেম্বর এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।
এই দুজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে। দুইজনের মধ্যে মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেফতার আছেন।