নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপির সোনাপুর এলাকায় মেঘলা (১৪) নামে এক গার্মেন্ট কর্মীকে হত্যা করা হয়েছে।
রবিবারের এ ঘটনায় সোমবার সকালে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আকিয়ারপাড়া গ্রামের আমিনুল (৩০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দোরাকোতি গ্রামের তুহিন (২৪) ও ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দ গ্রামের শরিফুল (২৪)।
পুলিশ জানায়, সোনাপুর এলাকার আলী হোসেন মিয়ার ভাড়াটিয়া রাশেদ মিয়ার মেয়ে মেঘলা ঢাকা-সিলেট মহসড়কের পাশে নিউ ঢাকা এলাকায় অবস্থিত নওয়াব আলী টেক্সটাইল কারখানায় কর্মরত ছিলেন। রবিবার সকাল ছয়টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় তার এক মেয়ে সহকর্মীকে নিয়ে অফিসে যাওয়ার জন্য সে একই এলাকার হাজি আব্দুল আজিজের চারতলা ভবনের তৃতীয় তলায় যায় এবং ওই সহকর্মীর দরজা কড়া নেড়ে ডাকতে থাকে। সহকর্মী ঘরের দরজা খোলার আগেই ৪র্থ তলা থেকে ৪-৫ বখাটে নেমে এসে মেঘলাকে মুখ চেপে তাদের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেঘলার চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে বখাটেরা তার গলায় ছুরিকাঘাত করে। এ সময় মেঘলা তাদের ধাক্কা দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিজের বাড়ি যাওয়ার পথে অচেতন হয়ে যায়। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মেঘলার মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুন অর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।