সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর এলাকায় চিংড়ি ঘেরের কর্মচারী আব্দুল মান্নানকে (২৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ঘাতক সাজু হোসেনকে (২৭) আটক করতে যেয়ে এক পুলিশ সদস্য ও এক ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মান্নান যশোর জেলার মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের ইসমাইল হোসেন গাজীর ছেলে। আহতরা হলেন, কনস্টেবল কমলেশ সানা ও জয়নগর ইউপির তিন নং ওয়ার্ড সদস্য জয়দেব সানা। তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল খালেক কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ঘের করে আসছিলেন। ঐ ঘেরের কর্মচারী ছিলেন আব্দুল মান্নান। তিনি ঘেরের বাসায় তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। আজ বাসার বাইরে তিনি বসেছিলেন। এসময় সাজু দা দিয়ে কোপ দিয়ে আব্দুল মান্নানের গলা দ্বিখণ্ডিত করে ফেলে। এসময় তাকে আটক করতে যেয়ে এক পুলিশ সদস্য ও এক ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
কলারোয়া থানার ওসি আবু সালেহ মোঃ মাসুদ করিম টনার নিশ্চিত করে জানান, ঘাতককে গ্রেফতার করা হয়েছে।