নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, যেকোনো দিন ফাঁসি

 
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান সৈয়দ সিদ্দিকীর স্বাক্ষরের পর সোমবার রায় প্রকাশ করা হয়। 
 
প্রকাশিত রায়টি রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। রায়ের অনুলিপি পাওয়ার পরই জেল কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী নিজামীর ফাঁসি কার্যকর করবে।
 
গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে  মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। নিজামীর রিভিউ আবেদন খারিজ করার কয়েকদিনের মধ্যে এই রায় প্রকাশ করা হলো।
 
১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে গত ৬ জানুয়ারি নিজামীর ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ। এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে চারটি অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই বছরের ২৩ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। আপিল বিভাগ তিনটি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে নিজামী রিভিউ পিটিশিন করলে সেটিও খারিজ করে দেয়া হয়।