নেত্রকোনার পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিফ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলা সদরের নারায়নডহর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুজিনা (২০) নামে এক নারীকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ রহমত আলীর ছেলে সাইদুল, সাইদুলের স্ত্রী সুজিনা ও হক মিয়াসহ বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মোতালেবের লোকজনের উপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে মোতালেবের বাবা আব্দুল লতিফ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত অভিযোগে সাইদুলের স্ত্রী সুজিনাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।