এবার বিগ ব্যাশেও খেলবেন মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইংলিশ কাউন্টির পর এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি, বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে দলে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তিন দল – মেলবোর্ন রেনেগেডজ, সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্স।
 
মূলত চলমান আইপিএলে মুস্তাফিজের দুর্দান্ত পারফর্মেন্সের কারণেেই তার প্রতি এত আগ্রহ অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে এর আগে পাকিস্তান সুপার লিগে দল পেয়েও ইনজুরির কারণে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। ইতো‌‌ামধ্যে কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলে টেনেছে তাকে।
 
অস্ট্রেলিয়ার দলগুলো নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করেছে। আটটা দলের মধ্যে কেবল মেলবোর্ন স্টারস দু’জন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে।
 
বাকি সাত দলের কমপক্ষে একজন করে বিদেশি খেলোয়াড় এখনও দরকার। আর সেদিক থেকে কাটার মাস্টার মুস্তাফিজকে পাওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে মেলবোর্ন রেনেগেডজ।
 
কারণ, এই দলের পরিচালক হিসেবে কাজ করছেন আইপিএল-এ মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দারাবাদের কোচ টম মুডি।
 
এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। সাকিব বিগ ব্যাশের দ্বিতীয় ও চতুর্থ আসরে যথাক্রমে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডজের হয়ে।