সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের সহায়তায় মেটলাইফ ফাউন্ডেশন

মেটলাইফ ফাউন্ডেশন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর (এইউডব্লিউ) কলেজিয়েট ব্রিজ ইয়ার কর্মসূচি - অ্যাকসেস একাডেমিতে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। এক বছরের এই কর্মসূচি এইউডব্লিউ -এর শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রীয় শিক্ষা পদ্ধতি অনুসরণে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে। এছাড়াও, সুযোগ বঞ্চিত মেধাবী নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণেও সহায়তা করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। 
 
এ নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আহমাদ বলেন, ‘শিক্ষায় উত্কর্ষ ও সামাজিক সাম্যের প্রতি এ ইউ ডব্লিউ -এর প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যাকসেস অ্যাকাডেমি। নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে এইউডব্লিউ -এর সাথে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে মেটলাইফ ফাউন্ডেশন। অ্যাকসেস অ্যাকাডেমি সামাজিক ও অর্থনৈতিক সুবিধাবঞ্চিত নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনয়নে সহায়তা করবে।’ 
 
অ্যাকসেস অ্যাকাডেমি ক্লাসে সাধারণত এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৫টি দেশের ১২০ জন শিক্ষার্থী যোগ দেন। নানা দেশের শিক্ষার্থী ও শিক্ষক সম্মিলনে এখানে শিক্ষার্থীরা শিক্ষা ও নেতৃত্ব বিষয়ক দক্ষতা অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য ও নানামুখী দৃষ্টিভঙ্গী সম্পর্কে গভীর জ্ঞান লাভ করে।  এই শিক্ষা ও দক্ষতার মাধ্যমে এইউডব্লিউ -এর শিক্ষার্থীরা তাদের সমাজ ও পরিবারের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
 
শিক্ষার্থীদেরকে পরীক্ষা ও সাক্ষাতকারের সমন্বয়ে  প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত  করা হয়। এইউডব্লিউ -তে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত প্রেক্ষাপট নির্বিশেষে নারী শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সহানুভূতিশীলতা, সামাজিক ন্যায়বিচার এবং নেতৃত্বদানের ক্ষমতার মত বিশেষ গুণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর জোর দেয়। এখানে ভর্তির সুযোগ পাওয়া অনেক শিক্ষার্থীই পোশাক শ্রমিক অথবা শরণার্থী সমাজের অংশ। অ্যাকসেস অ্যাকাডেমিতে অংশগ্রহণের আগে অতিরিক্ত এক বছর তাদেরকে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের উপর জোর দেয়া হয়। 
 
এ সম্পর্কে মেটলাইফ এর রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ বাংলাদেশ, নেপাল এন্ড মিয়ানমার মোঃ নূরুল ইসলাম বলেন, ‘জ্ঞানের প্রসার মেটলাইফ ফাউন্ডেশন এর কাজের একটি বিশেষ কৌশলগত দিক। এ ইউ ডব্লিউ-এর কাজের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এইউডব্লিউ এমন একটি প্রতিষ্ঠান যা ক্লাসরুমের বাইরেও নারীদের বাস্তবমুখী দক্ষতা ও শিক্ষা বিস্তারে কাজ করে।’