রাজনৈতিক কোন্দলের জেরে গুরুদাসপুরের ‘কল্লোল ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে অফিসে ভাঙচুর চালানো হয়েছে।
সোমবার দুপুরে থানা সংলগ্ন ওই অফিসে হামলা চালানো হয়। ওই অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তির ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকরা ওই সংগঠনে সামনে অবস্থান করে। কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়র সমর্থিতরা অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার, টেলিভিশনসহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর চালায়।
কল্লোল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মুক্তাদিরুল ইসলাম মিন্টু অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠান অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংঠনটির প্রতিষ্ঠাতা কোহেলী কুদ্দুস মুক্তি যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধরণ সম্পাদক। তা ছাড়া সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের প্রয়াত ছেলে কল্লোলের নামে ওই ফান্ডেশনটি নামকরন করা হলেও মূলত এর সঙ্গে রাজনৈতিক কোন ব্যক্তির সংশ্লিষ্টতা নেই।
কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, কল্লোল ফাউন্ডেশন অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন সামজের সাধারণ মানুষের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। কেউ যদি রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে সংগঠনের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করে। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।