অ্যাসাঞ্জের সঙ্গী বিড়ালছানা

গত চার বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে একাকী জীবন কাটাচ্ছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অবশেষে তার এক সঙ্গী জুটেছে, একটি ফুটফুটে বিড়াল ছানা।
 
একাকী পিতাকে সঙ্গ দিতে অ্যাসাঞ্জের সন্তানরা তাকে এটি উপহার দিয়েছেন। টুইটারে এই বিড়ালটির নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে , যেখানে বলা হয়েছে এটি এর মালিকের দেখাশোনা করছে। অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে ইকুয়েডরের দূতাবাসে বাস করছেন।
 
সুইডেনের কর্তৃপক্ষ তাকে বেশ কয়েকবার তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের বিচারের জন্য ফেরত নিতে চেষ্টা করেছে। অ্যাসাঞ্জের ধারণা, উইকিলিকসের মাধ্যমে বিভিন্ন দেশের গোপন তথ্য ফাঁস করায় সুইডেনে গেলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হতে পারে। 
 
ফেব্রুয়ারিতে জাতিসংঘ বলেছিল, সুইডেন ও যুক্তরাজ্য অ্যাসাঞ্জের মানবাধিকার লঙ্ঘন করছে। অ্যাসাঞ্জের আইনজীবীরা সুইডেনকে জাতিসংঘের নির্দেশনা অনুসরণ করতে আহ্বান করেছে। এখন তার অপেক্ষা সহনীয় করার একজন সঙ্গী পেয়েছেন। টাইমস।