অনুশীলনে প্রাণ হারালেন ক্যামেরুনের নারী ফুটবলার

অনুশীলনের সময় মাঠে ঢলে পড়ে প্রাণ হারিয়েছেন ক্যামেরুনের নারী ফুটবল দলের গোলরক্ষক জিয়ানাইন ক্রিসটেলে জোমনাং। রবিবার ক্লাব ফেমিনা স্টার্স এবোলোয়ার হয়ে একটি ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২৬ বছর বয়সী এই ফুটবলার এবং হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
 
দেশটির ফুটবল সংস্থা এক বিবৃতিতে জোমনাংয়ের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হওয়ার ধারণার কথা জানিয়েছে। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে ক্যামেরুন ফুটবলে এই নিয়ে দ্বিতীয় খেলোয়াড়ের মৃত্যু হলো। গত শুক্রবার রোমানিয়ার ক্লাব ডায়নামো বুখারেস্টের ম্যাচ চলার সময় মাঠে ঢলে পড়ে মৃত্যু হয় মিডফিল্ডার প্যাট্রিক একেংয়ের।
 
ম্যাচটিতে ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ২৬ বছর বয়সী একেং। ৮ মিনিট পরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। এর দুই ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।