নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের এ সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকার, একজন অতিরিক্ত পুলিশ সুপার ও বেশ কয়েকজন চিকিৎসকসহ ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণের পর আসামিপক্ষের আইনজীবীরা পর্যায়ক্রমে সাক্ষীদের জেরা করেন।
সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আগামী ১৬ মে পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরার তারিখ ধার্য করেন। এ নিয়ে সাত খুনের দুটি মামলায় মোট দুই মামলার বাদী ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৪৮ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।