বাল্য বিয়ে দেয়ার অপরাধে সোমবার মেয়ের মা ও কাজীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নে রঘুদেবপুর (কাঁঠালডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আরমিনা আকতারের (১২) সঙ্গে রাণীপুকুর গ্রামের রিকশা-ভ্যান চালক আজগর আলীর ছেলে রেজাউল ইসলামের (৪০)কোর্ট এফিডেফিটের মাধ্যমে ও পরে কাজীর মাধ্যমে গত শুক্রবার বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে থানার এসআই নরুজ্জামান ও এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ গত রবিবার সন্ধ্যা নাবালিকা আরমিনা আকতার, তার মা মরিয়ম বেগম, বরের পিতা মোজাফ্ফর হোসেন ও রাণীপুকুর ইউনিয়ন কাজী শামীম রেজাকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে রেজাউল ঘটনা জানতে পেরে পালিয়ে যান।
সোমবার তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুমের আদালতে সোপর্দ করা হলে আদালত আরমিনা আকতারের মা মরিয়ম বেগম (৪২) ও কাজী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড এবং বর রেজাউল ইসলাম আদালতে হাজির না হওয়া পর্যন্ত তার পিতা মোজাফ্ফর হোসেনকে থানায় আটক রাখার নির্দেশ দেন।