এমপি শওকতসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দুদকের

বাংলাদেশ কমার্স ব্যাংকে এলসি খুলে প্রায় সোয়া এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. শওকত চৌধুরী ও ব্যাংকটির আট ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
সোমবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন।
 
অন্য আসামিরা হলেন- ব্যাংকটির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বংশাল শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. হাবিবুল গনি, চাকরিচ্যুত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার শিরিন নিজামী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেখার হোসেন, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ বাউল, সাবেক এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসজাদুর রহমান। এদের মধ্যে মো. গনি, ড. আসাদুজ্জামান, পানু রঞ্জন দাস, ইখতেখার হোসেন ও আসজাদুর রহমানকে গত রবিবার গ্রেফতার করা হয়েছে।
 
মামলা সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বংশাল শাখা থেকে মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি এলসি খুলে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ ব্যাংকের ৮২ লাখ ৮৯ হাজার ৮৯৫ টাকা তোলেন। যা পরবর্তীতে সুদে-আসলে এক কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৯১ টাকা হয়। ওই টাকা তুলে আত্মসাত্ করার প্রমাণ দুদকের অনুসন্ধানেও পাওয়া যায়। আসামিরা ২০১২ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ওই টাকা তুলে আত্মসাত্ করেছেন। উদয়ন অ্যাগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক এমপি মো. শওকত চৌধুরী।