এখন পর্যন্ত ‘ধুম’ সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। প্রত্যেকবার কেন্দ্রীয় চরিত্রে নতুন মুখ থাকলেও পুলিশের চরিত্রে বরাবরই থেকেছেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। তবে শোনা যাচ্ছে, পরবর্তী ‘ধুম’ সিরিজের ছবিতে থাকছেন না তারা।
একটি সূত্রের বরাত দিয়ে ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধুম রিলোডেড’-এ তরুণদের আনতে চান আদিত্য চোপড়া। ইয়াশ রাজ ফিল্মসের চোখে রণবীর সিংয়ের চেয়ে আর কোন আকর্ষণীয় নায়ক আছে? অন্যদিকে নেতিবাচক চরিত্রে সালমান খান নিয়ে কথা চলছে। যদি দুইজনের চরিত্র নির্ধারণ হয়ে যায় তবে ছবিতে সালমান খান ও রণবীর সিংয়ের দ্বন্দ্ব দেখা যাবে।
আর এরকম হলে প্রথমবারের মতো কোন তরুণ তারকার সঙ্গে কাজ করবেন সালমান খান। যদিও এখনো নিশ্চিত হয়নি যে, রণবীর এই ছবিতে কাজ করছেন। তিনি বর্তমানে প্যারিসে আদিত্য চোপড়ার পরিচালনায় ‘বেফিকার’ ছবিতে কাজ করছেন।
সূত্র জানিয়েছে, ‘ধুম রিলোডেড’ ছবিটির শুটিং আগামী বছরের শুরুর দিকে শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণা আচারিয়া। তিনি ‘ধুম ৩’ ছবিটি পরিচালনা করেছেন।
শোনা যাচ্ছে, ছবিতে অমিতাভ বচ্চনকেও নাকি দেখা যাবে। তবে নারী চরিত্রে কে অভিনয় করছে সেটি এখনো জানা যায়নি।