টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা পরিষদের (ইউএনও) অফিস ও থানায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।
সোমবার রাতে উপজেলা প্রশাসন ও পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে এই মামলা করে।
উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে আতিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাত হোসেনের কর্মী-সমর্থকরা পৃথক এ হামলা চালায়।
হামলাকারীরা ইউএনও অফিসে উপজেলা প্রকল্প কর্মকর্তা এএইচএম আবদুর রউফের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। উপজেলা প্রশাসনের একটি বিলবোর্ডও ভাঙচুর করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এরপর তারা দেলদুয়ার থানায় প্রবেশ কর থানার নিচে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় ওই থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওসমান গনি বাধা দিলে তাকে ইট পাটকেল ছুড়ে আঘাত করা হয়। পরে পুলিশ ওই প্রার্থীকে আটক করে।