পাকিস্তানে ১২০০ কেজি গমে মুক্তি পেল ১৪ বছরের এক মেয়েকে ধর্ষণ করা দুই ভাই। দেশটির সিন্ধু প্রদেশের পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষ পর্যন্ত বিষয়টির নিষ্পত্তি হয় এভাবে।
মোস্তাক মাঙরিও ও সুলেয়মান মাঙরিও নামের প্রভাবশালী দুই ভাই তাদের জমিতে কর্মরত এক কৃষকের ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে একজন ভাইকে গ্রেফতার করা হলেও অন্য ভাইকে গ্রেফতার করা হয়নি। জানা যায়, দুই ভাই স্থানীয় প্রভাবশালী ভূমি মালিক। তাদের জমিতে ধর্ষিত মেয়ের পরিবারের ১৪ জন সদস্য কাজ করে। ফলে ভয়ে তারা বিষয়টি নিয়ে কিছু করার সাহস পাচ্ছে না।
এদিকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকা এই পরিবারের সঙ্গে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২০০ কেজি গমের বিনিময়ে ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে আটক হওয়া ভাইও ছাড়া পেয়ে গেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি মিডিয়ার সামনে আসলে সিন্ধু প্রদেশের স্থানীয় সরকারকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস নামক মানবাধিকার সংগঠন। স্থানীয়ভাবে জানা যায়, এবার বিষয়টি সকলের নজরে আসলেও এমন ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু নিশ্চুপভাবে তা সহ্য করে গেছে অসহায় ভূমিহীন কৃষকেরা। ইনডিপেন্ডেন্ট ডটইউকে।