যেসব সরকারি চাকরিজীবী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে এখনো অনলাইনে নিজেদের বেতন নির্ধারণ করেননি, তাদের ২০ জুলাইয়ের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েঠে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হলে আগামী জুলাই থেকে তাদের বেতন স্থগিত হয়ে যাবে।
মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) মোহাম্মদ মুসলিম চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণ না করায় কারও বেতন আটকে গেলে তিনি পরেও নির্ধারণের কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে যথা নিয়মে তার বকেয়া বেতন পরিশোধ করা হবে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনার আধুনিকায়নে গতবছর ডিসেম্বরে আইবাস প্লাস প্লাস (iBAS++) নামে একটি সফটওয়্যার চালু করা হয়। এর মাধ্যমে চাকরির তথ্য দিয়ে নিজেদের বেতন-ভাতা হিসাব করে নিতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
যে কোনো কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে (www.payfixation.gov.bd) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, কর্মরত পদ, চাকরিতে যোগদানের তারিখ, কতগুলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড পেয়েছেন তার তথ্য এবং সর্বশেষ স্কেলের তথ্য দিলেই নতুন স্কেলে তার বেতন কত দাঁড়াচ্ছে তা চলে আসবে।