সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতু, মেট্টোরেল, কর্ণফুলী ট্যানেলের কাজ সময় মতো শেষ হবে। একই সঙ্গে দেশের প্রতিটি দুই লেনের রাস্তা পর্যায়ক্রমে ফোর লেনে রূপান্তর করা হবে। দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।’
মঙ্গলবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শন শেষে দরগাচর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এরই মধ্যে গাজীপুর থেকে টাঙ্গাইলে ফোর লেনের কাজ শুরু করা হয়েছে। এই কাজে পাঁচটি ফ্লাইওভার, ২৬টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে।
এ সময় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সড়ক ও জনপথ অধিদফতরের বিভাগীয় প্রকৌশলী আবু রওশন, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যা আজাদ রহমান উপস্থিত ছিলেন।