ছাত্রলীগ নেতা রনির জামিন নামঞ্জুর

 
ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিভঙ্গের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করেছে আদালত।
 
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার বিচারিক হাকিম আবু হোসেন মোহাম্মদ রেজা এই আদেশ দেন।
 
গত শনিবার হাটহাজারীর মির্জাপুরে একটি ভোটকেন্দ্র থেকে অস্ত্র ও গুলিসহ নুরুল আজিম রনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়া যায়। ঐদিন রাতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কর্তব্যরত বিচারিক হাকিম তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
 
এছাড়া হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।