রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, ‘রেজাউল করিম সিদ্দিকী হত্যার ১৮তম দিনে এসেও বিচারের তেমন কোনো অগ্রগতি দেখছি না। এভাবে চলতে থাকলে শিক্ষক হত্যা চলতেই থাকবে। কিন্তু বিচার পাবো না। তাই এ আন্দোলন আমাদের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে।’
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন ।
এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক এএফএম মাসউদ আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এতে অংশ নেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।