পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলেকে তিন বছর পর আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। ২০১৩ সালে পাকিস্তান থেকে অপহরণ করা হয়েছিল তাকে। খবর- বিবিসির।
আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের বিশেষ যৌথ বাহিনী আলি হায়দার গিলানিকে উদ্ধার করে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর তাকে পাকিস্তানে ফিরিয়ে আনা হবে।
তিন বছর আগে নিজ শহর মুলতান থেকে আলি হায়দার অপহৃত হন। সেসময় তিনি পাকিস্তান পিপলস পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ধারনা করা হয়, এই অপহরণের পেছনে তালেবানের হাত ছিল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশ থেকে আলি হায়দার গিলানিকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিশেষ বাহিনী যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে। পিপিপির চেয়ারম্যান বিলওয়াল জারদারি ভুট্টো এই সফল অভিযানের খবর জানিয়ে টুইট করেছেন।