বিমানবন্দর থানার ওসিসহ ২ জনকে হাইকোর্টে তলব

 
 
এক মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করে আদালতের আদেশ অমান্য করায় বিমানবন্দর থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৯ মে সশরীরে আদালতে হাজির হয়ে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
 
সোনা চোরাচালান মামলার এক আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া আদালতের আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 

সাত কেজি স্বর্ণ চোরাচালানের ঘটনায় ২০১৪ সালের ২২ আগস্ট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় ওইদিনই আসামি আলামিনকে গ্রেফতার করা হয়। গত ১৩ এপ্রিল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন দাখিল করেন ওই আসামি। কিন্তু হাইকোর্ট তার জামিন মঞ্জুর না করে এক মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বিমানবন্দর থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু এক মাসের মধ্যেও এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্ত কর্মকর্তা। আজ আলামিনের জামিন আবেদন শুনানির জন্য আসলে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।