অপরিচ্ছন্ন পরিবেশ এবং অবৈধ প্রক্রিয়ায় চানাচুর, মিষ্টি ও বেকারি পণ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে একটি চানাচুর কারখানাসহ তিনটি প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নগরীর আলোচিত তপন চানাচুর, মিষ্টিমহল কারখানা ও সুগন্ধা বেকারি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি, চানাচুর ও বেকারি পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিষ্টিমহল কারখানা ও সুগন্ধা বেকারিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা এবং তপন চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলম, পরিবেশ অধিদপ্তরের শেখ মো. মোস্তফা ও ক্যাব প্রতিনিধি শোয়াইব হোসেন বাবু সহায়তা করেন। এ সময় র্যাব-৬’র সদস্যরাও উপস্থিত ছিলেন।