এবার চীনে নকল জেলিফিশ কারখানার সন্ধান

চীনের পুলিশ দুইটি নকল জেলিফিশ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। ধারনা করা হচ্ছে কারখানা দুটি থেকে ১০ টন নকল জেলিফিশ উৎপাদন ও বিপণন করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল জেলিফিশ তৈরি করা হয়। জেলিফিশ নামে বিক্রি করা ওই জিনিসে উচ্চ মাত্রায় অ্যালুমিনিয়াম পাওয়া গেছে। কিছুদিন আগেই দেশটিতে নকল আইফোন কারখানার সন্ধান পেয়েছিল পুলিশ। বিভিন্ন বিশ্বখ্যাত ব্র্যান্ডের নকল পণ্য তৈরির জন্য কুখ্যাত চীন। তবে দেশটি থেকে এবারই প্রথম নকল মাছ তৈরির খবর পাওয়া গেল।
 
পুলিশ জানিয়েছে, নকল জেলিফিশ বিক্রি করে বছরে ২০ লাখ টাকারও বেশি হাতিয়ে নেয় কারখানা দুটির মালিক। এর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
IMG0
চীনে বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্ব উপকূলে জেলিফিশকে উপাদেয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। সালাদ হিসেবেও এই মাছটির ব্যবহার রয়েছে। তবে জেলিফিশের কিছু প্রজাতি অত্যন্ত বিষাক্ত হয়।
 
নির্দিষ্ট মাত্রায় অ্যালজিনিক অ্যাসিড, অ্যামোনিয়াম অ্যালাম ও ক্যালসিয়াম ক্লোরাইড অ্যানহাইড্রাস মিশিয়ে নকল জেলিফিশ তৈরি করা হচ্ছিল।