পাকিস্তানে বিস্ফোরণে দুই পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের ফটকে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।
 
মঙ্গলবার বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরাফরাজ বুগতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মীর সারাফরাজ বুগতি জানান, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক বিস্ফোরণের ধরণ সম্পর্কে জানা যায়নি।
 
এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। ডন।