রিও অলিম্পিক থেকে দূরে থাকুন: রিভালদো

রিও ডি জেনিরো অলিম্পিক উপলক্ষে পর্যটকদের ব্রাজিলে না আসার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার রিভালদো।
 
গত সপ্তাহের শেষ দিনে রিও ডি জেনিরোতে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক নারী প্রাণ হারান। ওই ঘটনা তুলে ধরে রিভালদো ইন্সটাগ্রামে এই সতর্কবার্তা দেন। প্রতি দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অলিম্পিক দেখতে ব্রাজিলে আসার পরিকল্পনা করা সবাইকে আমি বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি।
 
রিভালদো যোগ করেন, এখানে আপনি আপনার জীবন ঝুঁকিতে ফেলে দিবেন। এমনকি সরকারি হাসপাতালগুলোর অবস্থা ও ব্রাজিলের রাজনৈতিক বিশৃঙ্খলা ছাড়াই এখানকার অবস্থা এমন। ব্রাজিলের পরিস্থিতি শুধু ঈশ্বরই পরিবর্তন করতে পারেন।
 
আগামী ৫ অগাস্ট শুরু হতে যাওয়া এবারের অলিম্পিকের প্রস্তুতি এর আগে বেশ কয়েকবার নানা ঘটনায় বাধাগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় রিওর স্বাগতিক হওয়ার যথার্থতা নিয়েও প্রশ্ন জাগে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে দাবি করেছে, রিওতে শুধু গত মাসেই পুলিশ ও দরিদ্র মানুষদের মধ্যে সংঘর্ষে ১১ জন প্রাণ হারিয়েছে। সংস্থাটি জানায়, গত বছর পুলিশ এখানে মোট ৩০৭ জনকে হত্যা করেছে।
 
এছাড়া পানি দূষণ ও জিকা ভাইরাস ছড়িযে পড়ায় অলিম্পিকের আয়োজকদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। গোল.কম।