সরকার স্বাস্থ্যখাতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'সরকার গত কয়েক বছরে স্বাস্থ্যখাতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে।'
 
স্বাস্থ্যখাতের উন্নতিকে আরো উচ্চতায় নিয়ে যেতে তিনি বিশ্ব ব্যাংকের অব্যাহত সহায়তা কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফ্যান সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন।
 
'জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সাফল্যের পর সরকার এখন গরিব জনগণের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করার কর্মসূচি হাতে নিয়েছে।' উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  'সম্প্রতি সরকার গরিব মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের পাইলট প্রকল্প হাতে নিয়েছে। ‘শেখ হাসিনা হেলথ কেয়ার’ নামের এই কর্মসূচি সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেয়া হবে।'
 
স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধে সরকারের 'শূন্য সহিষ্ণুতা' নীতি অবলম্বন করার কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, 'দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।'
 
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করে এ খাতে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।