পাঁচ নবজাতকসহ মায়ের ছবি, ফেসবুকে ব্যাপক সাড়া

গত জানুয়ারি মাসে এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেওয়া এক অস্ট্রেলীয় মা তার নবজাতকদের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এই ছবিগুলো ব্যাপক সাড়া ফেলেছে।
 
পার্থের বাসিন্দা কিম টুসি নামে ২৬ বছর বয়সী ওই নারী মাত্র দুই মিনিটের মধ্যে চার মেয়ে এবং এক ছেলের জন্ম দিয়েছিলেন। এদেরকে স্বাভাবিকভাবে গর্ভে ধারণ করা হয়েছিল। ৫০ জন ডাক্তার এবং নার্সের একটি দলের সহায়তায় প্রতিটি শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করে। স্বাভাবিকভাবে এক সাথে পাঁচ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা প্রায় সাড়ে পাঁচ কোটির মধ্যে একবার।
IMG0
টুসির পাঁচ শিশুর জন্মদানের বিস্ময়কর ঘটনাটি তার ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ইরিন এলিজাবেথ ফটোগ্রাফি ওই পাঁচ শিশুর ছবি তোলার আয়োজন করে। এই প্রতিষ্ঠানটি টুসির গর্ভাবস্থার ছবি তুলেছিল। ছবিগুলো ফেসবুকে পোস্ট করার সময় টুসি লেখেন, ‘হাতের ৫০টি আঙুল, ৫০টি পায়ের আঙুল, ছয়টি হৃদপিণ্ড একসাথে স্পন্দিত হচ্ছে। শিশুগুলোকে এখানে নিরাপদে রাখতে আমার শরীর কঠিনতম লড়াই লড়েছিল। আমি যা করেছিলাম, সবকিছু তাদের জন্যই করা।’
IMG1
টুসি এবং তার স্বামী ভনের ইতোমধ্যেই নয় বছর বয়সী একটি ছেলে এবং দুই ও চার বছর বয়সী দুটি মেয়ে আছে। তাদের পুরো পরিবারের জন্য যথেষ্ট বড় এরকম একটি গাড়ি কিনতে তারা এখন টাকা তোলার উদ্যোগ নিচ্ছেন। সূত্র: বিবিসি