বেগম সম্পাদক নূরজাহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের চিকিৎসায় সহায়তা দেয়ার জন্য এগিয়ে এসেছেন। তিনি তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।
 
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাপ্তাহিক 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
 
প্রধানমন্ত্রী গত সোমবার নূরজাহান বেগমের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে স্কয়ার হাসপাতালে পাঠান। শাকিল সেখানে নূরজাহান বেগমের শয্যাপাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে খোঁজ-খবর নেন।
 
নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অবহিত করেন যে, প্রধানমন্ত্রী বেগম সম্পাদকের অসুস্থতার বিষয়ে উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
 
তার কন্যা ফ্লোরা নাসরীন বলেন, 'আমার আম্মা স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শ্বাস-জনিত সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন।'
 
উল্লেখ্য, বিখ্যাত সাংবাদিক 'সওগাত' সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা নূরজাহান বেগম দেশের অন্যতম সাপ্তাহিক সাময়িকী 'বেগম' সম্পাদক হিসেবে খ্যাতিলাভ করেন।