জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, '১৪ মে জাতীয় কাউন্সিলের মধ্যদিয়ে জাতীয় পার্টির নবজাগরণের সূচনা হবে।' তিনি বলেন, জাতীয় পার্টির ৯ বৎসরের শাসনামলের কথা এদেশের মানুষ এখনো ভুলে নাই। সেই সময়কার উন্নয়নের কথা এদেশের তরুণ প্রজন্ম জানে না। জাতীয় যুব সংহতির কর্মীরাই পারে তরুণ ও যুব সমাজের মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরতে।'
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ মে জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে জাতীয় যুব সংহতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, 'জাতীয় কাউন্সিলকে সফল করার জন্য জাতীয় যুব সংহতিকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এ সম্মেলনে প্রমাণিত হবে জাতীয় পার্টি একটি শক্তিশালী সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন এবং পল্লীবন্ধু এরশাদ এদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা।'
তিনি ১৪ মে জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল সফল করার জন্য সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোওয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুব নেতা হেলাল উদ্দিন হেলাল, সৈয়দ জাফর আহমেদ বাবলু প্রমুখ।