এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চলতি বছর এতে পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন।
বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নাহিদ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ। এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ২৮৪ জন। পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।
দুপুর একটার পর শিক্ষার্থীরা ফল হাতে পাবে। আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া মোবাইলে ফল পেতে এসএসসির জন্য SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে।
চলতি বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।