বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মেয়রের প্রতিবাদ

নাটোর গুরুদাসপুর উপজেলার ‘কল্লোল ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রসঙ্গে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী প্রতিবাদ জানিয়েছেন।
 
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি টেলি কনফারেন্স ওই প্রতিবাদ জানান।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ দাবি করেন, সোমবার দুপুরের দিকে পৌর সদরের কল্লোল ফাউন্ডেশনে কে বা কারা হামলা চালায়। সেখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়। একটি মহল তার উপর দোষ চাপিয়েছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত।
 
টেলি কনফারেন্সে তিনি বলেন, ‘আমি পারিবারিকভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় রয়েছি। দলীয় মনোনয়নে পর পর দুইবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্বাচিত হয়েছি। আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে দলের ভেতর একটি মহল অপ্রচার চালাচ্ছেন। এ ব্যাপারে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এই টেলি কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।’