খুলনা জেলায় এসএসসির ফলাফলে এবার পাসের সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ জেলায় মোট পাশ করেছে ২২ হাজার ৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা ১১ হাজার ৫৪ জন এবং ছেলেদের সংখ্যা ১১ হাজার ২৯ জন।
ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করায় ফলাফল প্রকাশের পর স্কুলগুলোতে তাদের ছিলো বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। খুলনা জেলায় এবার পাসের হার ৯৩.০৮ ভাগ। পাসের হারে যশোর বোর্ডের মধ্যে খুলনা জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুধবার এসএসসির প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় খুলনা জেলা ও মহানগরীর ৩৮১টি স্কুল থেকে মোট ২৩ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেয়ে ১১ হাজার ৮৭৯ জন এবং ছেলে ১১ হাজার ৮৪৬ জন। পাস করেছে ২২ হাজার ৮৩ জন। জেলায় গড় পাশের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ।
গত ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় এবং ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার ৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ২৩ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী।
এদিকে সাফল্য ধরে রেখেছে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ শিক্ষ প্রতিষ্ঠান থেকে ২৯৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১০ জন। মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে ৯৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৬। জিলা স্কুল থেকে ৪০৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন।