প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত 'সোশ্যাল বিজনেস ফর জিরো হাঙ্গার' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূলে সামাজিক ব্যবসার ভূমিকা আলোচনা করতে এফএও এর মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো অনুষ্ঠানটির আয়োজন করেন।
প্রফেসর ইউনূস সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, সামনের বছরগুলোতে খাদ্য নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। সকলের জন্য খাদ্য নিশ্চিত করাই শুধু নয়, সকলের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিক ব্যবসার মাধ্যমে ও খাদ্য কোম্পানিগুলোর সহযোগিতায় গ্রামের তরুণ-তরুণীদের উদ্যোক্তায় রূপান্তরিত করার উপায় খুঁজে বের করতে হবে।
হোসে গ্রাজিয়ানো তার বক্তব্যে সামাজিক ব্যবসা ক্ষুধা নির্মূলে কী ভূমিকা পালন করতে পারে তার উপর আলোকপাত করেন।
ইতালির কৃষি মন্ত্রী মৌরিজিও মারতিনা, ইতালিয়ান পার্লামেন্টের চেম্বার অব ডেপুটিজ এর ভাইস প্রেসিডেন্ট মারিয়া সেরেনি এবং ইতালিয়ান কৃষক ফেডারেশনের সভাপতি দিনো স্কানাভিনো সমাবেশে বক্তৃতা করেন।