লেস্টারের বর্ষসেরা মাহরেজ

রিয়াদ মাহরেজকে ক্লাবের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়েছে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটি। মঙ্গলবার লেস্টার কর্তৃপক্ষ ঘোষিত এই পুরস্কার পেতে মাহরেজ পেছনে ফেলেন ফরোয়ার্ড জেমি ভার্ডি ও মিডফিল্ডার এনগোলো কান্তেকে।
 
লেস্টারকে লিগ শিরোপা জেতাতে ১৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি গোল করান এরই মধ্যে পিএফএ-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ। কিং পাওয়ার স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে কান্তে আর লিগে ২৪ গোল করা ভার্ডিকে খালি হাতে ফিরতে হয়নি। খেলোয়াড়দের বর্ষসেরা ফুটবলার হয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার কান্তে। গত ফেব্রুয়ারিতে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত গোলের জন্য ইংল্যান্ডের ফরোয়ার্ড ভার্ডি জেতেন মৌসুমের সেরা গোলের পুরস্কার। গোল.কম।