চেলসি ছাড়তে চান না অস্কার

চলতি মৌসুমটা খুব একটা ভালো না কাটলেও চেলসির হবু কোচ আন্তোনিও কন্তেকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে দৃঢ়প্রতিজ্ঞ অস্কার। ব্রাজিলের এই মিডফিল্ডার স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতেই থেকে যেতে চান বলে জানিয়েছেন।
 
 
গত আগস্টের শুরুর দিকে হাঁটুতে চোট পাওয়া অস্কার এ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর চেলসির দায়িত্ব নেওয়া গাস হিডিঙ্কের শুরুর একাদশেও নিয়মিত ছিলেন না তিনি।
 
চারদিকে গুঞ্জন চলছে, স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে পারেন ২৪ বছর বয়সী অস্কার। তবে এই মিডফিল্ডার বলেন, কন্তের পরিকল্পনায় নিজের জায়গা করে নিতে মরিয়া তিনি। স্কাই স্পোর্টস নিউজকে অস্কার বলেন, আমার জন্য এটা খুব কঠিন। আমার গত মৌসুমটা দারুণ ছিল। আমি দুই-তিনটা মৌসুম ভালো করে এসেছি। কিন্তু মৌসুমের শুরুতে চোটে পড়া খেলোয়াড়দের একজন আমি। 
 
অস্কার যোগ করেন, আমি যখন ফিরে এসেছিলাম, দল খুব বেশি ভালো করছিল না। আমি নিজেকে বেঞ্চে পাই এবং প্রথম দলের বাইরে। আমি যে পর্যায়টা অর্জন করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। কিন্তু আশা করছি, আগামী মৌসুমে আমি আরও ভালো করতে পারব। নতুন কোচ আসাটা সব সময়ই খেলোয়াড়দের জন্য দারুণ এক ব্যাপার বলে মনে করেন অস্কার। অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। আমি নিশ্চিত, কোচ সব খেলোয়াড়দের আলাদা করে অনুসরণ করে আসছেন। গোল.কম।