আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে দশ বছর ইংলিশ দলকে নেতৃত্ব দেয়া শার্লট ব্রিটিশ ক্রীড়াঙ্গনের অন্যতম প্রভাবশালী নারী ক্রিকেটার।
১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শার্লটের। এর ১০ বছর পর তার কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়।
তিন ফরম্যাটের ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রানের মালিক ৩৬ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার। টেস্টে ২৩ ম্যাচে ১৬৭৬, ১৯১ ওয়ানডেতে ৫৯৯২ ও ৯৫টি টি-টোয়েন্টিতে ২৬০৫ রান করেছেন এ ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান।
তিনটি অ্যাশেজ সিরিজ নিশ্চিতের পাশাপাশি ২০০৯ সালে ইংল্যান্ড নারী দলের ‘ডাবল’ (ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড টি-২০) জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন শার্লট। দুই আসরেই তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।