রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা প্রতিবন্ধীদের উন্নয়নে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আসন্ন বাজেটে যথাযথ প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার তোপখানা রোডস্থ সিরডাপ মিলনায়তনে এডিডি ইন্টারন্যাশনাল ও এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 'ঢাকায় আসন্ন বাজেট: ২০১৬-১৭ অর্থবছরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাযথ বরাদ্দ' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এডিডি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী রোজী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) রীনা রায় প্রমুখ বক্তৃতা করেন।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ২০১৬-১৭ অর্থবছরের বাজেটেও প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যথাযথ বরাদ্দ রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও সিরডাপে আয়োজিত আজকের মতবিনিময় সভা থেকে আসন্ন বাজেটে প্রতিবন্ধীদের জন্য বাজেট বরাদ্দের মতামতসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে অর্থ প্রতিমন্ত্রী উল্লেখ করেন।