মেসির রেকর্ডের ঝুলিতে নতুন করে যুক্ত হল আরো একটি রেকর্ড। সম্প্রতি ক্লাব ফুটবলে ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুয়েছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার লিওনেল মেসি। ফ্রি-কিক থেকে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ২৩ গোল করার রোনাল্ড কোমানের রেকর্ড ছুঁয়েছেন তিনি।
২৮ বছর বয়সী তারকা এবারের লা লিগায় ফ্রি-কিক থেকে ৭ গোল করেন, যার সবশেষটি আসে গত রোববার এসপানিওলের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে। বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে এই নিয়ে মেসির গোল হলো ২৩টি।
এই রেকর্ড গড়ার পর এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানান, ঠিকভাবে ফ্রি-কিক নেওয়ার জন্য প্রচুর অনুশীলন করেন তিনি।ইএসপিএনকে মেসি বলেন, 'হ্যাঁ, সত্যি এই যে, আমরা এর জন্য অনুশীলন করি। বলটি সঠিক জায়গায় পৌঁছে দিতে কিভাবে মারব তা নিয়ে কাজ করি আমরা এবং ক্যারিয়ার জুড়েও আপনি বিষয়গুলো শেখেন।'
বার্সেলোনায় মেসি প্রথম ফ্রি-কিক নেন ২০০৮-০৯ মৌসুমে। কাতালান ক্লাবটিতে এক সময় রোনালদিনহো, থিয়েরি অঁরি আর চাভি এর্নান্দেস মূলত ফ্রি-কিকগুলো নিতেন।
১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলের জয় পেয়েছিল কোমানের বিদ্যুৎগতির এক ফ্রি-কিকে। নেদারল্যান্ডসের সাবেক এই তারকা শক্তির উপর মনোযোগ দিতেন, আর মেসি জোর দেন নিখুঁতভাবে ফ্রি-কিক নেওয়ার দিকে।
মেসি বলেন, 'সত্যি বলতে কী, আমি খেলোয়াড়দের দেয়ালের উপর দিয়ে মারতে পছন্দ করি। কিন্তু মাঝে মাঝে আমি কিছুটা অন্যভাবে নিতে পছন্দ করি, যাতে গোলরক্ষক না বোঝে আমি কিভাবে নিচ্ছি এবং আমি কিক না নেওয়া পর্যন্ত তাকে বিচলিত রাখতে চাই।'
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৩ ম্যাচে ৩৭ গোল করেন মেসি। ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা আগামী শনিবার গ্রানাদার মাঠে জয় পেলে শিরোপা নিশ্চিত করবে। এর পর আগামী ২২ মে কোপা দেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে খেলবে তারা। বিডি নিউজ।