অরফানেজ ট্রাস্ট মামলা

তারেকের পক্ষে দুদকের উপপরিচালককে জেরা ১৯ মে

দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে অবশিষ্ট জেরার জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।
 
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে জেরার জন্য এদিন ঠিক করেন।
 
আজ বৃহস্পতিবার তারেক রহমানের পক্ষে হারুন অর রশিদকে জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন তারেকের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের অনুপস্থিতির কথা জানিয়ে জেরা পেছানোর জন্য সময়ের আবেদন করেন আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া ।
 
শুনানি শেষে বিচারক জেরার জন্য ১৯ জুন ধার্য করেছেন। এর আগে গত ৫ মে ও ২৭ এপ্রিল তারেকের পক্ষে বাদীকে জেরা করেন তার আইনজীবীরা।
 
গত ২৭ এপ্রিল এ মামলায় খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান। খালেদা জিয়ার পক্ষে জেরা শেষে ওই দিনই তারেকের পক্ষে জেরা শুরু হয়।