ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব নেয়ার পর একবছর পূর্তিতে নাগরিক সমস্যা ও এর সমাধানের পরামর্শ পেতে ফেসবুকে সরাসরি ভিডিও চ্যাটে আসছেন মেয়র আনিসুল হক।
ফেইসবুকে আনিসুল হকের প্রচার পেইজ হিসেবে পরিচিত ‘আমরা ঢাকা’য় এক পোস্টে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমে’ যুক্ত থাকবেন মেয়র। নাগরিকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা জেনে সে বিষয়ে কথা বলবেন তিনি।
আনিসুল হকের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এ ধরনের লাইভ ভিডিওতে আসতে দেখা গেছে।
গত বছর ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন ভোটে জয়ী হয়ে ৬ মে শপথ নিয়েছিলেন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা।
তবে মেয়র হিসাবে আনিসুল হক অফিস শুরু করেছিলেন ১৪ মে।
‘আমরা ঢাকা’র ফেসবুক পেইজ https://www.facebook.com/AmraDhaka/ আনিসুল হকের নির্বাচনী প্রচারেও ব্যবহৃত হয়েছিল।
বিডিনিউজ।