বাগদাদে আবারো বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদজুড়ে বুধবার ইসলামিক স্টেটের তিনটি  হামলায় ৯৪ জন নিহত হওয়ার পরদিন বৃহস্পতিবার আবারও আত্মঘাতী বোমা হামলায় ৩ পুলিশ নিহত ও ৮ জন আহত হয়েছে। পুলিশ স্টেশনে চালানো এই হামলার দায় স্বীকার করেছে আইএস। 
 
 
বাগদাদের কাছে একটি শহরে বৃহস্পতিবার এ হামলা হয়। পুলিশ ও হাসপাতাল কর্মীরা জানিয়েছে, বোমা হামলাকারীরা দুটো দিক থেকে আবু ঘ্রাইব পুলিশ স্টেশনের দিকে অগ্রসর হয়ে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। রাজধানীর সুরক্ষায় নিয়োজিত বাগদাদ অপারেশন কমান্ড এক বিবৃতিতে বলেছে, তৃতীয় আরেক বোমা হামলাকারী পুলিশ স্টেশনর দিকে এগিয়ে যাওয়ার সময় নিহত হয়।
 
আইএস সমর্থক আমাক বার্তা সংস্থা বলেছে, জেইদান পুলিশ স্টেশনে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটানোর আগে দুই জঙ্গির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। একদশক আগের তুলনায় বাগদাদের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উন্নতি হলেও এখনও সেখানে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকরা প্রায়ই হামলার শিকার হচ্ছে। কখনও কখনও বড় ধরনের একটি হামলার পরই ঘটছে পাল্টা প্রতিশোধ হামলা। সিএনএন।