চলতি বছর সেপ্টেম্বরে বার্ষিক হজ অনুষ্ঠানে যেতে পারছে না ইরানি নাগরিকরা। সৌদি আরবের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে হজ আয়োজনে কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশ দুটি।
চুক্তি করার লক্ষ্যে গত মাসে ইরানী প্রতিনিধিদল চারদিন সৌদি আরবে অবস্থান করে। কিন্তু ইরানে সৌদি কূটনৈতিক মিশন জানুয়ারি থেকে বন্ধ এবং সৌদিতে ইরানী ফ্লাইট চলাচল না থাকায় কোন সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সরকারি বার্তা সংস্থা ইরনাকে সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি বলেন, কোন ব্যবস্থা এখনও হয়নি। এখন অনেক দেরী হয়ে গেছে। তিনি আরো যোগ করেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু অন্তর্ঘাতটা আসছে সৌদিদের কাছ থেকে।
উল্লেখ্য, শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড সৌদি আরব কার্যকর করায় ইরানে প্রতিবাদকারীরা তাদের কূটনৈতিক মিশনে হামলা চালায়। জবাবে রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এছাড়া গতবছর হজ করতে গিয়ে পদপিষ্ট হয়ে যে ২ হাজার হাজী মারা গেছেন তাদের মধ্যে ইরানের ৪৬৪ জন রয়েছেন। এই দুই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে বর্তমানে তিক্ত সম্পর্ক রয়েছে। এএফপি।