সবচেয়ে ধনী ফুটবলার রোনালদো

একটিও শিরোপা না জিততে পারলেও ২০১৫ সালে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গত মৌসুমে বার্সেলোনাকে পাঁচটি শিরোপা জেতানো লিওনেল মেসি। 
 
 
রোনালদো গত বছর মোট ৮ কোটি ২০ লাখ ডলার পান। এর মধ্যে বার্ষিক বেতন ও বোনাস ৫ কোটি ৩০ লাখ ডলার। আর ২ লাখ ৯০ লাখ ডলার তিনি পান এন্ডোর্সমেন্ট থেকে। তিন বারের বর্ষসেরা ফুটবলার ৩১ বছর বয়সী রোনালদো সব ধরনের দলীয় খেলাগুলোর মধ্যেও সর্বোচ্চ অর্থ পাওয়া খেলোয়াড়। 
 
২০০৯ সালে ৮ কোটি পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লিখিয়ে সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত হওয়া রোনালদো ২০১৩ সালে স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেন। ২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জেতা মেসি গত বছর মোট ৭ কোটি ৭০ লাখ ডলার পান। ২০১৪ সালে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করা ২৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড বেতন ও বোনাস থেকে পান ৫ কোটি ১০ লাখ ডলার। আর এন্ডোর্সমেন্ট থেকে আসে বাকি ২ কোটি ৬০ লাখ ডলার।
 
ফোর্বস জানায়, স্পোর্টিং লিসবন দিয়ে পেশাদার ফুটবলে পা রাখা রোনালদো তার ১৪ বছরের ক্যারিয়ারে ৫৫ কোটি ডলার আয় করেছেন। আর শুরু থেকে এখন পর্যন্ত বার্সেলোনায় খেলা মেসি তার ১১ বছরের ক্যারিয়ারে পান মোট ৪৫ কোটি ডলার।
 
দলীয় খেলাগুলোর খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার জুড়ে রোনালদোর চেয়ে বেশি বেতন পাওয়া আছেন কেবল কোবি ব্রায়ান্ট। ফোর্বসের খবর অনুযায়ী, গত এপ্রিলে অবসর নেওয়া এই বাস্কেটবল খেলোয়াড় তার ১৭ বছরের ক্যারিয়ারে ৬৮ কোটি ডলার আয় করেছেন। গোল.কম।