হকির উন্নয়নে পাশে থাকবে বিসিবি

এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য ক্রীড়াক্ষেত্রে অবদান রেখেছে, পাশে দাড়িয়েছিলো ফাহাদ রহমানেরও। এবার হকির পাশে থাকার ঘোষণা দিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
বাংলাদেশ হকির উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও বিদেশি কোচের জন্য হকি ফেডারেশনকে আর্থিক সহযোগিতা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন পাপন।
 
নাজমুল হাসান পাপনের মধ্যস্থতায় অচলাবস্থার অবসান হয়ে আবার সবকটি দল নিয়ে প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার থেকে। তিনি বলেন, 'আমি এ সমস্যা নিরসনে মিডিয়া হিসেবে কাজ করেছি, আমার ওপর প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তার নির্দেশেই সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজেছি।'
 
পাপন বলেন, 'ক্রিকেট এখন দেশের জনপ্রিয় খেলা, তবে ফুটবলও জনপ্রিয়। এর পরেই আছে হকি। হকির র‌্যংকিং এখন ২৮/২৯, পাঁচ বছরে একে ১৫-তে যদি নিয়ে যাওয়া যায় তাহলে হকির অবস্থান উঁচুতে পৌঁছাবে। আমি মনে করি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিলে, এটি অর্জন করা সম্ভব।’
 
পাপন আরও জানান, শুধু বিদেশি কোচ নয়, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাও প্রয়োজন। সেক্ষেত্রে হকি ফেডারেশন কর্পোরেট হকি লিগ আয়োজন করতে পারে। এছাড়া হকি স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের বিষয়ে হকি ফেডারেশনে চাইলে বিসিবি সহযোগিতার হাত প্রসারিত করবে।